টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৩
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একই পরিবারের দুজন এবং অন্য একজন ভাড়াটিয়া রয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন খুলনার কয়রা থানার আশফাক গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৬), ঝালকাঠি জেলার চরবিশ্বাস এলাকার সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার সুমন ও মনিরা আক্তার দম্পতির ছেলে আরাফাত (৬)। তারা দাঁড়াইল পশ্চিমপাড়ার জুতার কারখানা সংলগ্ন জাহানারা বেগমের টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ভাড়াটিয়া তরিকুল ইসলামের কক্ষের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে গ্যাস জমে যায়। পরে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পাশাপাশি পাশের কক্ষে থাকা মনিরা আক্তার ও তার ছেলে আরাফাতও আগুনে দগ্ধ হন।
বিস্ফোরণের শব্দ ও চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়া ও স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধদের উদ্ধার করে স্থানীয় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আগুনে দগ্ধ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন